জাপান, আমেরিকাকে চ্যালেঞ্জ জানিয়ে ফের ব্যালিস্টিক মিসাইল ছুড়ল উত্তর কোরিয়া
অনলাইন ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম
উত্তর কোরিয়া প্রতিবেশী দক্ষিণ কোরিয়া, জাপান ও আমেরিকাকে চ্যালেঞ্জ দিয়ে ফের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপন করল। রবিবার উত্তর কোরিয়া আরেকটি ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে বলে দাবি করেছেন মার্কিন গোয়েন্দারা। তাঁরা জানিয়েছেন, পিয়ংগ্যান প্রদেশ থেকে ছোঁড়া এই ক্ষেপণাস্ত্রটি প্রায় ৫০০ কিলোমিটার পথ অতিক্রম করে জাপানী জলসীমায় গিয়ে পড়েছে। এটি একটি ইন্টার মিডিয়েট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল। মার্কিন গোয়েন্দারা মিসাইলটি লঞ্চ করার মুহূর্ত থেকে শুরু করে জাপানের জলসীমায় গিয়ে পড়া পর্যন্ত সেটি ট্র্যাক করেছেন বলে জানিয়েছেন।

উল্লেখ্য ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট পদে আসীন হওয়ার পর এই প্রথম কোনও ব্যালিস্টিক মিসাইল ছুঁড়ল উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অফ স্টাফ মনে করেন, যে মিসাইলটি রবিবার উৎক্ষেপণ করা হয়েছে, সেটি রডং মিসাইলের আপডেটেড ভার্সন। মিসাইলটির পাল্লা দেখে মনে হচ্ছে যে সেটি কোনও ইন্টার কন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল নয়।
