যুক্তরাষ্ট্র ৩৫জন রুশ কূটনীতিককে বহিষ্কার করলো

অনলাইন ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম

যুক্তরাষ্ট্রে অবস্থানরত ৩৫জন রুশ কূটনীতিককে শাস্তি হিসেবে বহিষ্কার করা হয়েছে প্রেসিডেন্ট নির্বাচনে নাক গলানোর সন্দেহে।

৭২ ঘণ্টার মধ্যে ওয়াশিংটন ডিসি এবং সান ফ্রান্সিসকো কনসুলেটের এসব কূটনীতিক এবং তাদের পরিবারকে নিজ দেশে ফিরে যাবার নির্দেশ দেয়া হয়েছে। সেই সঙ্গে মেরিল্যান্ড এবং নিউ ইয়র্কে গোয়েন্দা তথ্য কেন্দ্র হিসেবে ব্যবহৃত হত এমন দুটি রুশ কম্পাউন্ডও বন্ধ করে দেয়া হবে বলে জানানো হয়েছে।

এছাড়া নিষেধাজ্ঞা জারি করা হয়েছে রুশ গোয়েন্দা সংস্থার সাথে সম্পৃক্ত নয়টি সংস্থা ও ব্যক্তির ওপরেও। রাশিয়াও শীঘ্রই নিজের দেশ থেকে মার্কিন কূটনীতিকদের বহিষ্কার করে এর জবাব দেবে বলে ধারণা করা হচ্ছে।

obama-and-protin

প্রেসিডেন্ট বারাক ওবামা সাম্প্রতিক সময়ে ডেমোক্রেটিক পার্টি এবং হিলারি ক্লিনটনের নির্বাচনী প্রচারণা রুশ হ্যাকারদের কবলে পড়েছিল, এমন অভিযোগের প্রেক্ষাপটে  রাশিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেবার প্রতিশ্রুতি দিয়েছেন। যদিও রাশিয়া এসব অভিযোগ নাকচ করে দিয়েছে।

মার্কিন অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, এসব পদক্ষেপ তাদের জন্যেই নেয়া হয়েছে যারা যুক্তরাষ্ট্রের নির্বাচন প্রক্রিয়াকে ‘খেলো’ করার চেষ্টার জন্য দায়ী । ওবামা বলেছেন, রাশিয়ার কর্মকাণ্ডের ব্যাপারে সব মার্কিন নাগরিকেরই সচেতন থাকা উচিত।

 

Leave a Reply